দলীয় এমপিকে ‘চড় মেরে’ পরে ‘মাথায় হাত বুলিয়ে সান্তনা’ দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার রাতে দলীয় একজন এমপিকে প্রকাশ্যে নেতাকর্মিদের সামনে শারীরীক ভাবে লাঞ্ছিত করার অভিযোগে ফেসবুকে ব্যপক আলোচনায় উঠে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন এই লাঞ্চনার শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে ‘লাঞ্ছিত হবার ঘটনা অস্বীকার করে উপস্থিত কয়েকজন নেতা জানিয়েছেন, ‘সামান্য রাগারাগির ঘটনা, অভিভাবক হিসেবে শাসন করেছেন তিনি’
প্রত্যক্ষ্যদর্শীদের মতে, এমপি ছানোয়ারের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে তাকে ‘দু-তিনটি চড়-থাপ্পড়’ মেরেছেন ওবায়দুল কাদের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা রিসোর্টে শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রাতেই এই ঘটনা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। অধিকাংশ মানুষকেই এই ঘটনার তীব্র সমালোচনায় নানা মন্তব্য করতে দেখা গেছে।
সূত্রে জানা গেছে , শনিবার নাটোর থেকে ফেরার পথে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি নেন। সেখানে আগে থেকেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ অনুপম শাহজাহান জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানানোর জন্য উপস্থিত হন। তিনি সেখানে পৌঁছানোর পর দলীয় কর্মীরা ‘মুহুর্মুহু স্লোগান’ দিতে থাকলে তিনি স্লোগান থামাতে বলেন এবং এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
পরে খাবার আয়োজনের দেরী হবার কারনে ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন।
এসময় টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, হাসান ইমাম খান সোহেল হাজারী ( টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি ) রাস্তায় আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।
প্রত্যক্ষ্যদর্শীদের মতে, এমপি ছানোয়ার একথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের আকস্মিক ক্ষিপ্ত হয়ে তাকে চড়- মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মন্ত্রীর আকস্মিক এমন আচরনে হতভম্ভ হয়ে যান নেতাকর্মীরা । আকস্মিক রাগের মাথায় চড় মারলেও ঘটনার আকস্মিকতায় এসময় মন্ত্রী নিজেও ‘বিব্রত হয়ে পড়েন বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।
পরে কিছুক্ষন বসে থেকে তিনি রিসোর্ট ত্যাগ করার আগে এমপি ছানোয়ারকে ডেকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন এবং ‘রাগের মাথায় এমন ঘটনা ঘটেছে’ উল্লেখ করে তাকে সান্ত্বনা দেন। এরপর একাই হাটতে হাটতে রিসোর্টের বাইরে রাস্তায় বেরিয়ে আসেন। পরে দলীয় নেতাকর্মিদের কাছে এ সম্পর্কে দুঃখও প্রকাশ করেন ওবায়দুল কাদের ।
এ প্রসঙ্গে জানতে এমপি ছানোয়ারের মোবাইলে বেশ কয়েকবার চেস্টা করেও তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীর সাথে কয়েকদফা চেষ্টার পর তিনি জানান, ‘কাদের ভাই আমাদের অভিভাবক। অনেক চাপের মধ্যেই দলের কাজকর্ম করতে হয় তাকে। তিনি আমাদের শাসন করার অধিকার রাখেন । তিনি যেমন শাসন করেন তেমনি আবার ভালোবাসেন আম্মাদের । আজকের ঘটনা একটি আকস্মিক দুর্ঘটনা মাত্র।


























