কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১৬ মে (২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রাকিব হোসেন (২০)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের নূর আলমের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে এই ইয়াবা কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন তিনি।

র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
























