চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় অন্তত পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সীতাকুণ্ডে আরও দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।
যেভাবে ঘটল দুর্ঘটনা
ইয়ার্ড কর্তৃপক্ষের ভাষ্যমতে, একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হয়। এরপর গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে গিয়ে শ্রমিক ও সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাসের সংস্পর্শে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে উদ্ধার কাজে যুক্ত হওয়া আরও কয়েকজন শ্রমিকও আক্রান্ত হন।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ট্যাংক থেকে গ্যাস নির্গত হয়ে প্রথমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন আক্রান্ত হন। তবে সকালের দিকে তিনি তিনজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে তথ্য
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অপারেটর মো. ইয়াসিন জানান, সকাল ১০টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশতিয়াক জানান, সীতাকুণ্ডের ওই শিপ ইয়ার্ড থেকে মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি একজন এখনো চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।


























