আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সংক্রান্ত এক সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে।
উদ্বোধনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন। সফর শেষে ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী বিমানবন্দর উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।
কক্সবাজার থেকে কোন কোন বিমান সংস্থা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পর্যটনমন্ত্রী।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের বিমান সংস্থার কান্ট্রি হেডরা সভায় উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।
























