বুধবার (৬ মে) সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তাদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে যাবে। চুক্তি হলে ইরান তাদের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ব্যবহার না করার ব্যাপারে রাজি হবে।”
ইরানের সঙ্গে চুক্তি হতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “চুক্তি হওয়ার একটি ভালো সম্ভাবনা আছে। যদি আমরা চুক্তি করতে না পারি আমরা আমাদের পুরোনো উপায়গুলোতে ফিরে যাব।”
ইরানিদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারকে পাঠানোর আর প্রয়োজন নেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “আমি মনে করি আমরা আলোচনা এখানেই করতে পারি। সম্ভবত কোনো চূড়ান্ত বৈঠকের সময় আমরা কোথাও চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করতে পারি।”
যদি ইরান চুক্তি করে তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর চুক্তি না করলে বোমাবর্ষণ শুরু হবে বলেও হুমকি দেন তিনি।
গত কয়েকদিন ধরেই ট্রাম্প বলে আসছেন, ইরান যদি তাদের সঙ্গে তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তারা আবারও হামলা শুরু করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন।
























