অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি উসকানি রয়েছে উল্লেখ করে এ ঘটনার সম্পূর্ণ দায় তার ওপর চাপিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টাকে অপদস্থ করার অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই অভিযোগ তোলেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত অভিযুক্তদের অপতৎপরতা রুখতে বর্তমান সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, পরাজয়ের পর দেশ থেকে পালিয়ে গিয়েও সাবেক প্রধানমন্ত্রী তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচনা দিচ্ছেন। সুদূর যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সঙ্গে যে অশোভন আচরণ করা হয়েছে, তার পুরো দায় শেখ হাসিনার ওপরই বর্তায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আচরণের প্রমাণ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উচিত কালক্ষেপণ না করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া।

























